কয়লার আগুনে প্রাণ গেল দুই সহোদর হাফেজের
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় কয়লার আগুন থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কিশোর সহোদরের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
মৃত্যু হওয়া কিশোররা হল- চকরিয়া পৌরসভার করাইয়োঘোনা এলাকার ফজল কাদেরের ছেলে ওমর ফারুক (১৩) ও তার ভাই মোহাম্মদ আব্দুল্লাহ (১৪)। তারা দুইজনেই কোরআনে হাফেজ।
স্থানীয়রা জানিয়েছেন, গত রোববার ( ১৫ নভেম্বর ) রাতে নিজেদের ঘর স্টিলের টিফিন বক্সে জ্বলন্ত কয়লা রেখে কাপড় ইস্ত্রি করছিল ওমর ফারুক ও মোহাম্মদ আব্দুল্লাহ। কাপড় ইস্ত্রি করা শেষে কয়লার আগুন না নিভিয়ে দুই ভাই ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে কয়লা থেকে কাপড় লেগে আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুন ছড়িয়ে পড়লে তারা আটক পড়ে। পরে স্থানীয়রা দ্বগ্ধ অবস্থায় দুই ভাইকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক ) ভর্তি করে।
সোমবার দুপুরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়। পরে স্বজনরা মৃতদেহ বাড়ীতে নিয়ে আসার পর জানাযার প্রস্তুতি নিচ্ছিল। রাত ৯ টার দিকে জানাযার প্রস্তুতিকালে খবর আসে চিকিৎসাধীন বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছে। খবরটি শোনার পর ওমর ফারুকের দ্রুত দাফনের কাজ শেষ করে বড় ভাইয়ের লাশ আনতে যান স্বজনরা।
মঙ্গলবার ভোররাতে মোহাম্মদ আব্দুলাহ এর লাশ বাড়ীতে পৌঁছে। পরে বেলা ১১ টার দিকে জানাযার পর তাকে স্থানীয় কবরস্তানে দাফন করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার হোসেন জানান, কয়লার আগুন থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে কিশোর দুই ভাইয়ের মৃত্যুর খবরটি তিনি শুনেছেন। প্রাথমিকভাবে পরিবারটিকে কিছু আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে আরও সহায়তার উদ্যোগ নেয়া হবে।



