উখিয়ায় পাখি শিকারের ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল অভিযান চালিয়ে জব্দ করেছে বনবিভাগ। এসময় ধ্বংস করা হয় শতাধিক ফাঁদ ঘর।
সোমবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উখিয়া উপজেলার মাছকারিয়া বিলে এ অভিযান চালানো হয় বলে জানান, বনবিভাগের উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
তিনি বলেন, শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলাবিল। বিলটিতে সুদূরপথ পাড়ি দিয়ে আসা নানা প্রজাতির পাখির বিচরণে জলাভূমিগুলোতে তৈরি হচ্ছে প্রাণচাঞ্চল্য। কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালেই সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি পাখি শিকারিরা। গত কয়েকদিন ধরে অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে শিকারির বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদ পেতে শিকারের প্রস্তুতি নিচ্ছে খবর পায় বনবিভাগের কর্মিরা। এমন পরিস্থিতিতে সোমবার সকালে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালায় বনবিভাগ।
রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযানে ঘটনাস্থলে বনকর্মিদের উপস্থিতি টেক পেয়ে মৌসুমী পাখি শিকারিরা পালিয়ে যায়। পরে বিলটির বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে শিকার কাজে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। এসময় বিলে পেতে রাখা পাখি শিকারের শতাধিক ফাঁদ ঘর ধ্বংস করা হয়।.উদ্ধার করা হয় ফাঁদে আটকে রাখা ৮ টি জীবিত বক।
জীবিত উদ্ধার বকগুলোকে উন্মুক্ত এবং জব্দ করা কৃত্রিম বক, জাল ও ফাঁদ ঘরগুলো ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
আব্দুল মান্নান জানান, অতিথি পাখি শিকার বন্ধ এবং জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



