সুপারিতে শতকোটি টাকার বাণিজ্য, বদলাচ্ছে হাইমচরের অর্থনীতি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
বাড়ির আঙিনা, বাগান কিংবা পানের বরজের চারপাশ—যেদিকেই চোখ যায়, দেখা মেলে সারি সারি সুপারিগাছ। বছরের নির্দিষ্ট সময়ে এসব গাছে ধরে সুপারি। কৃষকেরা বাগান থেকে সুপারি সংগ্রহ করে নিয়ে আসেন স্থানীয় বাজারে। সেখান থেকে পাইকারদের হাত ধরে তা পৌঁছে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। মৌসুমে কেনাবেচা হলেও এ বাণিজ্য চলে সারা বছর। সুপারিকে ঘিরেই গড়ে উঠেছে কৃষক, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ড।
চাঁদপুরের মেঘনাপাড়ের উপজেলা হাইমচরের চিত্র এটি। মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৩৪ বর্গকিলোমিটারের এ উপজেলায় সুপারি এখন শুধু বাড়ির আঙিনার ফল নয়, গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের হিসাবে, উপজেলায় বছরে প্রায় ১০০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। এ বাণিজ্যের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে কয়েক হাজার মানুষের জীবন-জীবিকা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, হাইমচরে মোট আবাদি জমির পরিমাণ ৫ হাজার ১৫২ হেক্টর। এর মধ্যে ৫২৮ হেক্টর জমিতে রয়েছে সুপারির আবাদ। উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে রাজধানীর বাজারে হাইমচরের সুপারির ভালো চাহিদা রয়েছে।
স্থানীয় বাজার, সুপারির আড়ত ও উৎপাদন এলাকা ঘুরে এবং কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাইমচরের সুপারি বাণিজ্যের অন্যতম কেন্দ্র হাওলাদার বাজার। সেখানে ১০ থেকে ১৫ জন বড় পাইকারি ব্যবসায়ী রয়েছেন। মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকদের কাছ থেকে সুপারি সংগ্রহ করে এসব ব্যবসায়ী আড়তে নিয়ে আসেন। পরে তা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে।
কেবল কাঁচা সুপারি বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয় এ বাণিজ্য। স্থানীয় কিছু ব্যবসায়ী মৌসুমে কাঁচা সুপারি কিনে পানিতে ভিজিয়ে সংরক্ষণ করেন। পরে মৌসুম শেষ হলে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন বাজারে পাঠান। এ প্রক্রিয়ায় কয়েক মাসের উৎপাদনকে কেন্দ্র করে সারা বছর সচল থাকে সুপারির ব্যবসা। স্থানীয় পান বিক্রেতারাও এ সরবরাহব্যবস্থার মাধ্যমে বছরজুড়ে সুপারি বিক্রি করতে পারেন।
হাইমচরের চরাঞ্চলের মানুষের জীবিকার অন্যতম অবলম্বন কৃষি। এখানকার অনেক পরিবারের বাড়ির আঙিনায় রয়েছে সুপারিবাগান। এসব বাগানের ফলন পরিবারের বাড়তি আয়ের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চরপোড়ামুখী গ্রামের কৃষক শরীফ মিজি বলেন, আশ্বিন থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত সুপারির ফলন ও বিক্রি বেশি হয়। প্রতিবছর বাড়ির বাগানে উৎপাদিত সুপারি বিক্রি করে লাখ টাকার বেশি আয় করেন তিনি। তবে চলতি বছর উৎপাদন কম হওয়ায় প্রায় ৭০ হাজার টাকার সুপারি বিক্রি করতে পেরেছেন।
তবে সুপারি চাষের ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে স্থানীয়দের। নতুন করে গাছ লাগানোর প্রবণতা কমছে। অনেকেই পুরোনো সুপারিবাগান কেটে সেখানে বাড়িঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করছেন। এতে ভবিষ্যতে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
গন্ডামারা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শিকদার বলেন, হাইমচরে সুপারির ভালো উৎপাদন হয়। কিন্তু নতুন করে সুপারি গাছ লাগানোর আগ্রহ কমে যাচ্ছে। পুরোনো বাগান কেটে বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এভাবে চলতে থাকলে দীর্ঘ মেয়াদে সুপারির উৎপাদন কমে যেতে পারে।
তিনি বলেন, এ অঞ্চলের সুপারি বাণিজ্য টিকিয়ে রাখতে কৃষকদের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হবে। বিদেশ থেকে সুপারি আমদানি করা হলে স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীরা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই দেশীয় সুপারি উৎপাদকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আমদানি নীতিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
হাওলাদার বাজারের সুপারি ব্যবসায়ী আমির হোসেন পাটওয়ারী প্রায় ২০ বছর ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর ব্যবসার বড় অংশজুড়ে রয়েছে কাঁচা সুপারি সংগ্রহ ও সংরক্ষণ। প্রতিবছর তিনি ২০ থেকে ২৫ লাখ টাকার কাঁচা সুপারি কেনেন। পরে আকার অনুযায়ী বড় ও ছোট সুপারি আলাদা করে পানিতে ভিজিয়ে সংরক্ষণ করেন। মৌসুম শেষে সেগুলো পাঠিয়ে দেন দেশের বিভিন্ন জেলায়।
আমির হোসেন পাটওয়ারী বলেন, রাজধানীর বাজারে হাইমচরের সুপারির ভালো চাহিদা রয়েছে। মৌসুমে সুপারি কিনে সংরক্ষণ করতে পারলে পরবর্তী সময়ে তা বিক্রির সুযোগ থাকে। এভাবে সারা বছর ব্যবসা চালিয়ে নেওয়া যায়।
হাওলাদার বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম কাজী বলেন, চলতি বছর সুপারির বাজারদর তুলনামূলক ভালো। বর্তমানে ৮০টি সুপারি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। শুকনা সুপারি প্রতি কেজি ৩৮০ থেকে ৪১০ টাকা। এ ছাড়া নারিকেল প্রতি জোড়া বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। তাঁর দাবি, হাওলাদার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে বছরে ১০০ কোটি টাকার বেশি সুপারি কেনাবেচা হয়।
একই বাজারের প্রবীণ ব্যবসায়ী রব হাওলাদার প্রায় ৪০ বছর ধরে সুপারির ব্যবসা করছেন। তাঁর অভিজ্ঞতায়, সময়ের সঙ্গে এ বাজারের বাণিজ্যিক গুরুত্ব বেড়েছে। হাইমচরের পাশাপাশি পাশের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকেও সুপারি আসে এ বাজারে।
রব হাওলাদার বলেন, শুধু হাওলাদার বাজারেই বছরে প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। এ ব্যবসার ওপর নির্ভর করে বহু পরিবার। সুপারি বিক্রির অর্থ দিয়ে অনেক পরিবার সারা বছরের সংসার খরচ নির্বাহ করে। এ ব্যবসাকে কেন্দ্র করে অনেক পরিবার আর্থিকভাবে সচ্ছল হয়েছে।
সুপারির বাজার ঘিরে হাইমচরে যে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে, তা ধরে রাখতে উৎপাদন ও বাজারব্যবস্থা—দুই ক্ষেত্রেই নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একদিকে পুরোনো বাগান কমে যাওয়া ও নতুন গাছ রোপণে অনীহা, অন্যদিকে আমদানিকৃত সুপারির সঙ্গে প্রতিযোগিতার আশঙ্কা স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের ভাবিয়ে তুলছে।
হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার বলেন, সুপারি এ উপজেলার জন্য একটি লাভজনক কৃষিপণ্য। বছরজুড়েই এ ফসলের আবাদ, সংগ্রহ ও বিক্রির কার্যক্রম চলে। চলতি বছর কৃষকেরা সুপারির ভালো দাম পাচ্ছেন। কৃষকেরা যাতে স্বাভাবিকভাবে সুপারি চাষ ও উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারেন, সে জন্য উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
মেঘনার পাড়ের এ জনপদে সুপারিগাছের সঙ্গে জড়িয়ে আছে কৃষকের পরিশ্রম, ব্যবসায়ীর বিনিয়োগ আর হাজারো মানুষের জীবিকা। বাড়ির আঙিনার গাছ থেকে শুরু হয়ে সেই সুপারি যখন দেশের বিভিন্ন বাজারে পৌঁছায়, তখন তা হয়ে ওঠে একটি অঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। পরিকল্পিতভাবে বাগান সম্প্রসারণ, উৎপাদন ধরে রাখা এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে হাইমচরের সুপারি বাণিজ্যের এ সম্ভাবনা আরও বিস্তৃত হতে পারে।



