Logo
Logo
×

সারাদেশ

আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

মামলার পর শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবারই পেয়েছি। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে।’

এর আগে, গত মঙ্গলবার ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এসপি জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এ ছাড়া ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে তলব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে।

মামলার এজাহারের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক পুলিশ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, এজাহারে উল্লেখ করা হয়েছে, এসপি জাহাঙ্গীর তার মুঠোফোন থেকে একটি বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’

‘এ রকম আরও কিছু কথাবার্তা রয়েছে,’ বলেন ওই কর্মকর্তা।

তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল এবং মামলার বিস্তারিত বিবরণ সম্পর্কে জানতে পারেনি দ্য ডেইলি স্টার।

মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ (স্পেশাল রেসপন্স ইউনিট) বা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।

জাহাঙ্গীর আলম বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন