Logo
Logo
×

সারাদেশ

নিজ জন্মভূমি কেন্দুয়ায় ড. হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী পালিত

Icon

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোনা)

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

নিজ জন্মভূমি কেন্দুয়ায় ড. হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী পালিত

নিজ জন্মভূমি কেন্দুয়ায় ড. হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী পালিত

শ্রদ্ধাঞ্জলি, র‍্যালি, আলোচনা সভা, বৃত্তি ও সনদপত্র প্রদানের মধ্য দিয়ে নন্দিত কথাসাহিত্যিক ও বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ড. হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত নানা আয়োজনে দিনটি পালিত হয়।

ড. হুমায়ূন আহমেদের জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে তাঁর নিজ হাতে গড়া প্রতিষ্ঠান 'শহীদ স্মৃতি বিদ্যাপীঠ'-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠ অ্যাডহক কমিটির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ড. হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে শিক্ষক, নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতাসহ বহু গুণের অধিকারী। তাঁর লেখায় সমাজের বাস্তবচিত্র ফুটে উঠত। তিনি আজ বেঁচে নেই, কিন্তু তাঁর সৃষ্টির মাধ্যমেই সবার মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন।"

তিনি আরও বলেন, "হুমায়ূন আহমেদ নিজ গ্রাম কুতুবপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ গড়ে তুলেছিলেন, যা এসএসসি পরীক্ষায় জেলায় বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করেছে। ইতিমধ্যে এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে কলেজে রূপান্তরের কাজ দ্রুত এগিয়ে চলছে। খুব শিগগিরই এর বাস্তবায়ন হবে। এছাড়া বিদ্যালয়ের সংযোগ সড়ক, সীমানা প্রাচীর নির্মাণ এবং ছাত্র-ছাত্রী নিবাস তৈরির কাজও দ্রুত শুরু করা হবে।"

নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, গন্ডা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি জাহানা আফরোজ এবং দেশবরেণ্য কিচ্ছাপালা গায়ক কদ্দুস বয়াতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মো. জুবায়ের আহমেদ ও নবম শ্রেণির শিক্ষার্থী আতিয়া ইবনাত ইভা। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

উল্লেখ্য, নন্দিত কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালের ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন