Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

শেরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়ার শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমন আহম্মেদ (ব্যাংক কর্মকর্তা) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন আহম্মেদ শেরপুর উপজেলার চকপোতা গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের বড় ছেলে। তিনি দুপচাঁচিয়া অগ্রণী ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘দৌড় পরিবার’-এর একজন সক্রিয় সদস্য হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশাযোগে কর্মস্থল দুপচাঁচিয়া অগ্রণী ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন সুমন আহম্মেদ। পথে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাঁর অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে সুমন আহম্মেদের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘দৌড় পরিবার’-এর সদস্যরাও গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মজীবনের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন