কুয়াকাটায় নৌ পুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ
আবিদ হাসান সাইমুম, কলাপাড়া
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
নৌ পুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ
পটুয়াখালীর কুয়াকাটায় জব্দ করা অবৈধ ট্রলিং বোট দিয়ে পুনরায় মাছ শিকারের অভিযোগে নৌ পুলিশের এক কর্মকর্তার অপসারণ এবং অবৈধ কাঠের ট্রলিং বোট বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপকূলীয় জেলে ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্য বে অব বেঙ্গল’ ও উপকূলীয় জেলে সমিতির যৌথ আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। কুয়াকাটা মাছবাজার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। এতে সেভ দ্য বে অব বেঙ্গলের নেতাকর্মী, মহিপুর মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ মহিপুর, আলীপুর ও কুয়াকাটা উপকূলের শতাধিক জেলে অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৫ নভেম্বর কোস্টগার্ডের নিজামপুর স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে আবুল হোসেন কাজীর মালিকানাধীন ‘এফবি এলমা-৪’ এবং চট্টগ্রামের সুরেন্দ্র কুমার দারের মালিকানাধীন ‘এফবি মেঘনা-০৫’ নামের দুটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেন। পরবর্তীতে বোট দুটি কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামানের জিম্মায় রাখা হয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জব্দ করা ওই বোটগুলো পুনরায় সাগরে মাছ শিকারে পাঠানো হয়েছে বলে অভিযোগ তোলেন জেলেরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সেভ দ্য বে অব বেঙ্গলের উপকূলীয় শাখার সেক্রেটারি জেনারেল কাওছার মনির। এ সময় মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি আফজাল মোল্লা, সেভ দ্য বে অব বেঙ্গলের সদস্য রুমি শরীফ এবং উপকূলীয় জেলে সমিতির সদস্য বেল্লাল গাজীসহ স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে কাওছার মনির বলেন, "সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা ও সাধারণ জেলেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অবৈধ ট্রলিং বন্ধ করা জরুরি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জব্দ করা ট্রলিং বোট মাছ শিকারে গেলে তা অত্যন্ত উদ্বেগজনক।" তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত নৌ পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানের অপসারণ দাবি করেন।
মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি আফজাল মোল্লা বলেন, অবৈধ ট্রলিং বোটের কারণে নিয়ম মেনে মাছ শিকার করা সাধারণ জেলেরা চরম সংকটে পড়েছেন। তিনি অবৈধ ট্রলিং বন্ধের পাশাপাশি ঘুষের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান। তিনি জানান, ঘুষ নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। জব্দ করা বোটটি আলীপুরের আড়তদার মোস্তফা খলিফার জিম্মায় রাখা হয়েছিল এবং এরপর কী ঘটেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, "আমরা ইতিমধ্যে বিষয়টি জেনেছি এবং এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"



