নরসিংদীতে অসহায় তিন নারীকে ৩০ হাজার টাকা সহায়তা দিলেন জেলা প্রশাসক
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
আর্থিক সংকটে থাকা তিন অসহায় ও দুস্থ নারীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। মানবিক বিবেচনায় তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সহায়তার অর্থ তিন নারীর হাতে তুলে তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতার কারণে নানা প্রতিকূলতা ও সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন ওই তিন নারী। নিজেদের অসহায়ত্ব ও আর্থিক সংকটের কথা তুলে ধরে তাঁরা জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন। তাঁদের আবেদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মানবিক উদ্যোগ নেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায়, দুস্থ ও আর্থিকভাবে বিপর্যস্ত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। সাধারণ মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ প্রশাসনের জনবান্ধব ও মানবিক ভূমিকারই প্রতিফলন।
জেলা প্রশাসকের এই তাৎক্ষণিক সহযোগিতা আর্থিক সংকটে থাকা নারীদের জন্য কিছুটা হলেও স্বস্তি ও আশার সঞ্চার করেছে। বিশেষ করে তাঁদের দুর্দিনে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি সহায়তা পাওয়ায় তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, সমাজের অসচ্ছল ও বিপদগ্রস্ত মানুষের আবেদন মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত সহায়তা প্রদানের এমন উদ্যোগ শুধু উপকারভোগীদের সাময়িক সংকটই লাঘব করে না, বরং সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের আস্থা ও সম্প্রীতির সম্পর্ককেও আরও সুদৃঢ় করে।



