নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুম মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়ার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে বৈদ্যুতিক তার চুরি করতে যান মাসুম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওই সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
এ বিষয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ার হোসেন সুমন জানান, যে বৈদ্যুতিক তারটি চুরির চেষ্টা করা হচ্ছিল, সেটি মনোহরদী উপজেলা লাইনের অংশ। ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ ছিল না। ধারণা করা হচ্ছে, তারটি পড়ে গিয়ে পলাশের ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসায় এ দুর্ঘটনা ঘটে।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



