Logo
Logo
×

সারাদেশ

পৌর কর্মচারী মনসুর হত্যায় সানির ফাঁসির দাবিতে বিক্ষোভ

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

পৌর কর্মচারী মনসুর হত্যায় সানির ফাঁসির দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী মনসুর আলী হত্যাকাণ্ডে জড়িত শাহনেওয়াজ সানির দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার আইনে বিচার সম্পন্ন এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তাঁরা।

জানা যায়, গত ৭ নভেম্বর কুড়িগ্রাম পৌরসভার কলেজ মোড় এলাকার টাউন হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন মনসুর আলী। অনুষ্ঠানের বিরতির সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তিনি পৌরসভার দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি টাউন হলের নিরাপত্তাপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

এ হত্যাকাণ্ডে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় একজন কর্মচারী হত্যার শিকার হওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—হত্যা মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌরসভার মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত, নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান এবং আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. আখতমজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহসভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিনসহ অন্যরা।

বক্তারা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় একজন কর্মচারীকে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার সম্পন্ন করে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন