ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
ফরিদপুর শহরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুনে মারা গেছেন ভেতরে ঘুমিয়ে থাকা চালক। আজ মঙ্গলবার ভোররাতে শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মো. কালাচাঁন শেখ (৬০) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী কিশোর-তনয় পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
ফরিদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ বলেন, রাত পৌনে ২টার দিকে তারা আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আগুনে পুড়তে দেখেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।



