Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে প্রাইভেটকারের ধাক্কায় খাদে দুই অটোরিকশা, আহত ১০

Icon

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

হাটহাজারীতে প্রাইভেটকারের ধাক্কায় খাদে দুই অটোরিকশা, আহত ১০

হাটহাজারীতে প্রাইভেটকারের ধাক্কায় খাদে দুই অটোরিকশা, আহত ১০

হাটহাজারীতে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে তিন বছরের শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ ১৩-৯৯৩০) চারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় দুই অটোরিকশার যাত্রীরা আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাহাত (২০), নাদিয়া (৩), সাদিয়া (১১) ও রিংকু (২২) কে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, সিদরাতুল মুনতাহা (১৪), শামীমা আক্তার (৩৪), শাহাউদ্দিন (৫১), নাঈম (২৬), বাদশা সওদাগর (৭৬) ও অটোরিকশাচালক ফয়সাল (৩২) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত সিদরাতুল মুনতাহা জানান, পরিবারের সদস্যদের নিয়ে চমেক হাসপাতাল থেকে চোখের চিকিৎসা শেষে ফটিকছড়ির ভূজপুর থানার নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথে চারিয়া এলাকায় একটি প্রাইভেট কার তাদের অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি খাদে পড়ে যায়। এতে তারা আহত হন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরুজা খাতুন জানান, আহতদের মধ্যে যাদের আঘাত গুরুতর, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন