টেকনাফে সেনা সদস্য হত্যার ঘটনায় ৪৪ জনকে আসামী করে মামলা
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারিদের গুলিতে সেনা সদস্য তিতাস শেখ নিহতের ঘটনার চারদিন পর মামলা দায়ের হয়েছে। এজাহারে ২৭ জনের নাম উল্লেখ সহ মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ১৭ জনকে।
সোমবার বিকালে গণমাধ্যম কর্মিদের কাছে এ তথ্য জানান, টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম।
মামলায় প্রধান আসামী করা হয়েছে টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ’কে।
মামলার প্রধান আসামী মোহাম্মদ ঘটনার দিন অভিযানের সময় পালানোর চেষ্টাকালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছিলেন। মামলার অধিকাংশ আসামি রোহিঙ্গা হলেও কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
ওসি সাইফুল ইসলাম বলেন, সেনা সদস্য তিতাস শেখ হত্যার ঘটনায় সোমবার ভোর রাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। এতে মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে প্রধান করে ২৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১৭ জনকে আসামী করা হয়েছে। পুলিশ মামলাটি নথিভূক্ত করে ইতিমধ্যে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছে।
ইতিমধ্যে মামলার প্রধান আসামি সহ এজাহারভূক্ত ৬ জনকে আইন শৃংখলা বাহিনী গ্রেপ্তার করেছে তথ্য দিয়ে তিনি বলেন, “ ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনের পৃথক ৩ ধারায় অভিযোগ এনে বাদী মামলটি দায়ের করেছেন। ঘটনার তদন্তের পাশাপাশি মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। “
এর আগে, গত বৃহস্পতিবার ( ৫ নভেম্বর ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর সাথে সশস্ত্র মানব পাচারকারিদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনা সদস্য মো. তিতাস শেখ গুলিবিদ্ধ হলে নিকটস্থ হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় তাঁকে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মানবপাচারে জড়িত ৪ জনকে গ্রেপ্তার এবং আস্তানায় জিন্মি রাখা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরদিন যৌথ বাহিনীর বিশেষ সাড়াশী অভিযান জড়িত সন্দেহ আরও ২ জনকে গ্রেপ্তার করেছিলেন। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ২ টি বিদেশি পিস্তল ও ৪ টি গুলিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করেন।



