কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস উদযাপন, সম্মাননা পেলেন ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি সমবায় প্রতিষ্ঠান ও দুজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা। সমবায়ী শিক্ষক মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল বারী চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, শিখা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, সমবায়ী মাকসুদ রহমান বিপ্লব, বিআরডিবির সহসভাপতি হাবিবুর রহমান সবুজ, একে এম শাহজাহান কবীর, মো. সেলিম মিয়া, চন্দন তালুকদার ও আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সমবায় খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে তিনটি সমবায় প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া বিশেষ অবদানের জন্য দুজন ব্যক্তিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির বিকাশ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে হবে। সমবায়ের মূল চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমবায় বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



