Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, বিজিবি-এসআরবি মোতায়েন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, বিজিবি-এসআরবি মোতায়েন

মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকে গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সকাল পৌনে ৯টার দিকে চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কে জিএমপি বাসন থানার সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এছাড়া, ইট-পাটকেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি মোকাবিলায় জেলায় বিজিবি ও এসআরবি মোতায়েন করা হয়েছে।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, শ্রমিকরা বাসন থানার দিকে ইটপাটকেল মারার পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে।

সরেজমিনে দেখা গছে, চৌরাস্তা থেকে শিববাড়ির দিকে যেতে বাসন থানার সামনে সড়ক বন্ধ করে শতাধিক শ্রমিক বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত ১০টি সাউন্ড গ্রেনেড ছোড়ে।

কয়েকজন শ্রমিক জানান, কারখানা খোলার কথা থাকলেও পরিস্থিতির কারণে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন সকাল সাড়ে ৭টার দিকে বলেন, আজ থেকে গাজীপুরের সকল পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন জানান, জেলা প্রশাসনের ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন