গভীর সমুদ্র থেকে মিয়ানমারে পাচারকালে বোটভর্তি ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ১২
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় থেকে মিয়ানমারের পাচারকালে বোট ভর্তি ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার দিনপূর্ব রাত ৩ টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটকরা হলেন, সাতক্ষীরার মোঃ বাপ্পি (৩১), মোঃ ওলিউল্লাহ (৪৫), মোঃ আসাদুজ্জামান (২৬), মোঃ জাহান আলী (২৩), মোঃ বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), মোঃ হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫), নোয়াখালীর মোঃ আসিফ (২৩), মোঃ রাজিব (২৪), মোঃ বাবুল হোসেন (৩৬),
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ও স্টেশন সেন্টমার্টিন এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১ টি বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। উক্ত বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



