Logo
Logo
×

সারাদেশ

সাংবাদিক আলিফ হত্যা: দুই আসামির জবানবন্দি, দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

সাংবাদিক আলিফ হত্যা: দুই আসামির জবানবন্দি, দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের বিচার ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক রফিকুল ইসলাম, মোহন মিয়াসহ অন্যরা।

অন্যদিকে, রোববার (১ নভেম্বর) বিকেলে দুর্গাপুর বিচারিক চৌকি আদালতে এ মামলার দুই আসামি দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকার ইমরান ইসলাম ইমন ও তেরীবাজার এলাকার মো. সাব্বির আহম্মেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আদালতের বিচারকের কাছে ইমন ও সাব্বির হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তদন্তের স্বার্থে আদালতে দেওয়া জবানবন্দির বিস্তারিত বিবরণ জানাতে রাজি হননি তিনি।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় ১৬ অক্টোবর রাতে নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২২), আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণ (২১), ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও মো. সাব্বির আহম্মেদ (২৫)।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন