গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট ভাঙচুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন তারা। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্দোলন ও ভাঙচুরের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকার আশপাশের শিল্পকারখানাগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিক্ষোভের জেরে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পাশাপাশি আশপাশের আবাসিক এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।



