কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের ১৮২ ফুট দীর্ঘ কাঠের সেতুটি সংস্কার করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে সেতুটি সংস্কার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) সকালে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচকাঠা গ্রামের এই সেতুর ওপর নির্ভর করে আশপাশের ১২টি গ্রামের হাজারো মানুষ চলাচল করেন। পাঁচকাঠা বাজার, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয় ও চারটি মাদ্রাসায় যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম এটি। সেতুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছিল।
এলাকাবাসীর দুর্ভোগের কথা জানতে পেরে গত বছর প্রথমবারের মতো সেতুটি নির্মাণ করে দিয়েছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। এবারও তাঁর ব্যক্তিগত উদ্যোগে সেতুটি সংস্কার করা হয়েছে। সংস্কার করা সেতুটির প্রস্থ ৬ ফুট।
সেতুটি উদ্বোধনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আজকের এই সেতুটি ছাত্র-ছাত্রীরাই উদ্বোধন করেছে, এটাই সবচেয়ে আনন্দের। এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত পাকা সেতু নির্মাণ না হচ্ছে, ততদিন প্রতি বছর এভাবেই কাঠের সেতুটি নতুন করে নির্মাণ করে দেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, কাঠের সেতুটি সংস্কার করায় আপাতত তাঁদের চলাচলের দুর্ভোগ কমবে। তবে দীর্ঘদিনের সমস্যা সমাধানে সেখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ জরুরি। পাকা সেতু নির্মিত হলে ১২টি গ্রামের মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা তাঁদের।



