সাজেকবাসীর দাবির সমর্থনে বাঘাইছড়িতে মশাল মিছিল
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম
বাঘাইছড়ির সাজেকে হামলার প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে মশাল মিছিল করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বের করা মশাল মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন যুব প্রতিনিধি ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সদস্য রত্ন জ্যোতি চাকমা ও সমাজসেবক লক্ষ্মী চাকমা।
এ সময় তারা সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের শাস্তির দাবিসহ অবিলম্বে সাজেকবাসীর ন্যায্য পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তারা আন্দোলন থেকে সরে না যাওয়ার জন্য সাজেকবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পুরো পার্বত্য চট্টগ্রামের জনগণসহ বিশ্বের সব বিবেকবান মানুষ ও মানবাধিকার সংগঠন সাজেকবাসীর সঙ্গে আছে।



