Logo
Logo
×

সারাদেশ

নরসিংদী ম্যারাথনে সুস্থতার বার্তা নিয়ে ছোটলেন সারাদেশের ১৫০০ দৌড়বিদ

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

নরসিংদী ম্যারাথনে সুস্থতার বার্তা নিয়ে ছোটলেন সারাদেশের ১৫০০ দৌড়বিদ

সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প নেই’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার সকালে  নরসিংদী রানার্স কমিউনিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নরসিংদী শহরের আরশীনগর রেলগেট এলাকায় ১০ কিলোমিটারের মিনি ম্যারাথন উদ্বোধন করেন বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদর ০১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এর আগে ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন উদ্বোধন করেন নরসিংদী ০৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটারের ফুল ম্যারাথনে ৩০০ জন, ২১ কিলোমিটারের হাফ ম্যারাথনে ৩৬৫ জন এবং ১০ কিলোমিটারের মিনি ম্যারাথনে ৫৩৫ জন সহ তিনটি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ভোরের আলো ফোটার আগেই শুরু হয় দৌড়ের প্রস্তুতি। ভোর চারটায় নরসিংদীর - রায়পুরা আঞ্চলিক সড়কে  ৪২ কিলোমিটারের দৌড় শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় নরসিংদী ম্যারাথন ২০২৬-এর। এরপর নির্ধারিত দূরত্বে দৌড়ে অংশ নেন বিভিন্ন বয়সী প্রতিযোগীরা। শুধু পেশাদার দৌড়বিদ নন, দৌড়ের প্রতি ভালোবাসা আর সুস্থ জীবনযাপনের প্রত্যয়ে এতে অংশ নেন দেশের বিভিন্ন জেলার  নানা শ্রেণি-পেশার মানুষ। নারী-পুরুষ, তরুণ থেকে প্রবীণ সবার অংশগ্রহণে তৈরি হয় এক মিলনমেলা। প্রতিযোগীদের উৎসাহ, উদ্দীপনায় পুরো আয়োজনজুড়েই ছিল প্রাণচাঞ্চল্য।

ঢাকা থেকে ম্যারাথনে অংশ নিতে এসেছেন মৌনতা আলম। তিনি বলেন, আমি ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছি। ম্যারাথনের আয়োজন খুব ভালো ছিলো। আর ধীরে ধীরে ম্যারাথনে নারীদের অংশগ্রহণ বাড়ছে। আমরা চাই সুস্থ থাকতে সকল নারীরা শরীরচর্চা করুক, পাশ্পাশি ম্যারাথনে অংশগ্রহণ করুক।

নারায়ণগঞ্জ থেকে আসা আরেক দৌড়বিদ ফয়সাল আহমেদ বলেন, প্রতি বছরই সারাদেশের বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়ে থাকি। নরসিংদীর প্রথম ম্যারাথন খুব গুছানো ও সুন্দর ছিলো। ফলে ভবিষ্যতে আরো দৌড়বিদদের অংশগ্রহণ বাড়বে। আর সুস্থ থাকতে দেীড়ের কোন বিকল্প নেই। এই ম্যারাথনের মাধ্যমে তরুণ ও যুব সমাজ শরীর চর্চায় আগ্রহী হবে বলে আশা করি।

ম্যারাথনে অংশ নিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকার সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। তিনি বলেন, আমাদের দেশের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত। এর প্রতিরোধে আমাদের জীবনযাত্রার ধরণ খাদ্যাভাস ও শরীর চর্চায় পরিবর্তন আনতে হবে। এর মধ্যে সুস্থ থাকতে সবচেয়ে সহজ শরীর চর্চা হচ্ছে দৌড়বিদ। আমরা চাই এই ম্যারাথন প্রতিযোগীতা সারাদেশে ছড়িয়ে পড়ুক। মানুষ দৌড়ে অভ্যস্ত হউক ও নিজে সুস্থ থাকুক

শুধু দৌড়ের আয়োজন নয়, প্রতিযোগীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায় আয়োজনে। নির্দিষ্ট দূরত্ব পরপর রাখা হয় পানি ও হাইড্রেশনের ব্যবস্থা। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য ছিল রেস জার্সি, মেডেল, চিপযুক্ত বিবিআইবি নম্বর, ই-সার্টিফিকেট এবং মেডিকেল সাপোর্ট। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল বিনা মূল্যে রাতযাপনের ক্যাম্পিং সুবিধা। প্রথমবারের মতো আয়োজিত এই ম্যারাথন ঘিরে দৌড়বিদদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। 

নরসিংদী ম্যারাথনের রেস পরিচালক আক্তারুজ্জামান আক্তার বলেন, এবারের ম্যারাথনে সারাদেশ থেকে ১৫০০ দৌড়বিদ অংশগ্রহণ করেছে। আমরা আশা করছি এই উদ্যোগের মধ্য দিয়ে নরসিংদীতে দৌড়ের সংস্কৃতি ছড়িয়ে পড়বে। তরুণ সমাজ মোবাইলে সময় না কাটিয়ে তারা যেনো শরীর চর্চায় সময় ব্যয় করে। ফলে তারা মাদকের নেশার ছোবল থেকে দূরে থাকতে পারবে। আর স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য আমাদের প্রতিদিন নিয়ম করে দৌড়াতে হবে। এটিই সকল রোগের ঔষধ হিসেবে কাজ করবে।

বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদর ০১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, আওয়ামীলীগ সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে ধ্বংসের দাড়প্রান্তে নিয়ে গেছে। বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ দিতে নতুন কুর্র্র্ড়িঁ স্পোর্টসসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা মাদক, সন্ত্রাস,  চাঁদাবাজি রোধে তরুণ সমাজকে সচেতন করতে খেলাধূলাকে উজ্জীবিত করবো। ইতিমধ্যে জেলা থেকে উপজেলায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার কাজ করছে। আর ম্যারাথনের মাধ্যমে নরসিংদীর নাম সারাদেশে ছড়িয়ে পড়ছে। এটার আয়োজনে ভবিষ্যতে ও সহযোগীতা অব্যহত থাকবে। 

পরে নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে মেডেল, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদর ০১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে পুরুষ ৭ জন ও নারী ৭ জন করে মোট ৪২ জন এবং বয়স্কদের মধ্যে ৫ জন করে মোট ১০ জনসহ সর্বমোট ৫২ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে জেল বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, রেস পরিচালক আক্তারুজ্জামান, রেস অ্যাম্বাসেডর খবির উদ্দিন এবং আয়রনম্যান সাকলাইন রাসেলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন