Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন নিয়ন্ত্রণে

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও গাজীপুর সিটি করপোরেশনের সমন্বিত অভিযানের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাততলা ভবনের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে ভবনের একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় ইনজেকশন ও অন্যান্য জরুরি ওষুধ মজুত থাকায় ধোঁয়া ও রাসায়নিক উপাদানের কারণে আগুন নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।

মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের ধারাবাহিক প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটের মধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণ নির্বাপণ ও পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন হবে।

আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। তবে ফায়ার সার্ভিসের একজন সদস্য শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ইউনিট-২ ভবনে আগুন লাগার পর প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

পরে টঙ্গী, গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকাসহ বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, এসআরবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে অংশ নেন।

ঘটনার কারণে কারখানার আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়।

ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, প্রথমে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়।

আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন