কলমাকান্দায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
নেত্রকোনার কলমাকান্দায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও নারী নেত্রী কলি আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং এনজিও পারির মনিটরিং অফিসার তপন কুমার সাহা প্রমুখ।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদে বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা এবং প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করা বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম শর্ত। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার পাশাপাশি বাল্যবিবাহ ও নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। প্রতিটি কন্যাশিশু যেন নিরাপদ পরিবেশে বেড়ে ওঠে এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



