পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন।
বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার রাতে পুলিশ সুপার ডিএসবি স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ।
নির্দেশনাপত্রে উল্লেখ করা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বর্তমানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা পরিলক্ষিত হওয়ায় তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিশেষ অভিযান কিংবা অন্যান্য দায়িত্ব পালনের সময় রাতে কোনোভাবেই যেন সদস্যরা একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপারেশন, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস ও কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরই মূলত জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাতে একা চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ধারালো চাপাতির কোপে গুরুতর আহত হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীদের হামলায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।



