টেকনাফে অটোরিকশা ও মিনিট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যংয়ে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক সহ দুইজন নিহত এবং চারজন আহত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক মো. নুরুল আবছার।
নিহতরা হলেন, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার কেফায়েত উল্লাহ’র ছেলে এনায়েত উল্লাহ (২৪) ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পন্ডিত পাড়া বাসিন্দা সজীব আলী (২৫)।
এদের মধ্যে এনায়েত উল্লাহ দুর্ঘটনা কবলিত অটোরিকশাটির চালক এবং অপরজন পেশায় ফেরিওয়ালা।
ঘটনায় আহত হেলাল উদ্দিন, রুজিনা আক্তার ও আনোয়ারা বেগম। তারা সবাই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা। তবে ঘটনায় আহত অপর একজনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক মো. নুরুল আবছা বলেন, সকালে টেকনাফের কেরুনতলী এলাকায় হোয়াইক্যং স্টেশনমুখি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ী দুইটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত এবং ৪ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ী ২ টি জব্দ করেছে বলে জানান তিনি।
পরিদর্শক নুরুল আবছার জানান, নিহতদের মধ্যে অটোরিকশা চালকের লাশ উখিয়ার পালংখালী স্টেশনস্থ একটি হাসপাতালে এবং অপরজনের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।



