Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে যুবশক্তি নেতা তানিমকে অপহরণ-নির্যাতন, শরীফ হোসেনের তীব্র প্রতিবাদ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

চাঁদপুরে যুবশক্তি নেতা তানিমকে অপহরণ-নির্যাতন, শরীফ হোসেনের তীব্র প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়ায় চাঁদপুর বিএনপি ও ছাত্রদলের কতিপয় নেতা-কর্মীর বিরুদ্ধে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানিমকে অপহরণ ও টানা তিন ঘণ্টা আটকে রেখে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। এই বর্বরোচিত ও নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা যুবশক্তির সম্ভাব্য যুগ্ম সদস্য সচিব মো. শরীফ হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান তানিম নিজের শহর চাঁদপুরে পৌঁছানোর পর বাস থেকে নামতেই ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এরপর তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে একটি অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। সেখানে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁর ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, যার ফলে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই অপহরণ ও নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়েছে।

এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে চাঁদপুর জেলা যুবশক্তির সম্ভাব্য যুগ্ম সদস্য সচিব মো. শরীফ হোসেন এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "ফ্যাসিবাদ-মুক্ত নতুন বাংলাদেশে স্বাধীনভাবে নিজের রাজনৈতিক মতপ্রকাশের কারণে কাউকে অপহরণ ও নির্যাতন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি সুস্থ, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশের সম্পূর্ণ পরিপন্থী।

তিনি আরও বলেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই অপসংস্কৃতিকে এখনই রুখে দিতে হবে। তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এদিকে যুবশক্তি নেতার ওপর এমন সন্ত্রাসী হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। চাঁদপুরে রাজনৈতিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বন্ধে সচেতন মহল প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন