Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম

কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, এর মর্যাদা এবং আমাদের ভবিষ্যৎ গঠন’—এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি প্রজন্ম গড়ার দায়িত্ব। একজন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দেন। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম।

বক্তারা বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে শিক্ষাব্যবস্থাতেও দ্রুত পরিবর্তন আসছে। প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাঁদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও সম্মান ছাড়া একটি দেশের শিক্ষাব্যবস্থাকে কাঙ্ক্ষিত পর্যায়ে এগিয়ে নেওয়া কঠিন।

তাঁরা আরও বলেন, একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি তাঁদের পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা  সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার বণিক, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর, কলমাকান্দা আল জামিয়াতুল ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদ হাসান, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রসঙ্গত, শিক্ষকদের অবদান, অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন