Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ৭২৫ মণ্ডপে দুর্গাপূজা

নিরাপত্তা ও নির্বিঘ্ন উদযাপনে পূজা পরিষদের প্রস্তুতি সভা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

নিরাপত্তা ও নির্বিঘ্ন উদযাপনে পূজা পরিষদের প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ৭২৫টি পূজা মণ্ডপে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়া শহরের সাতমাথা সনাতন মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সমর সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল এবং বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে গোপাল তেওয়ারি, রামনারায়ণ কানু, প্রভাত সাহা, বিকাশ সাহা, আশীষ রায়, কালাচাঁদ সাহা, অশোক সাহা, অসিত দেবনাথ, রণজিত চৌধুরী, মিহির সরকার, পবিত্র মোহন্ত, উত্তম কুমার, অঞ্জন প্রামাণিক, বাধন কর্মকার কৃষ্ণ, পংকজ চক্রবর্তী, সুবীর দত্ত ও মানিক সরকার বক্তব্য রাখেন।

সভায় জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, মণ্ডপের নিরাপত্তা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন।

সভায় জানানো হয়, এ বছর বগুড়া জেলায় সর্বমোট ৭২৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক তদারকি ও মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠন, সিসি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সম্ভাব্য গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকা, প্রতিটি মণ্ডপে জেনারেটর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা এবং নারী ও পুরুষের পৃথক যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, উৎসবের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজব ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে অবহিত করার আহ্বান জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন