ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস ময়মনসিংহ বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছা থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিন নারী, এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশার ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করেন। পরে সেগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাদের মধ্যে একই পরিবারের চারজন হলেন জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর গ্রামের মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) এবং মর্জিনার পাঁচ বছর বয়সী ছেলে মিনাল। তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
অন্য তিন নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, বাইপাস সড়কটিতে প্রায়ই দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়ে আসছেন।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



