Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজার সদর হাসপাতাল থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেল রোহিঙ্গা আসামি

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

কক্সবাজার সদর হাসপাতাল থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেল রোহিঙ্গা আসামি

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশের হেফাজত ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের একটি ওয়ার্ড থেকে তার পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে  পুলিশ।

আতিকুর রহমান মজুমদার বলেন, গত ২৫ সেপ্টেম্বর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকা থেকে স্থানীয়রা অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় স্থানীয় জনতার মারধরে তারা আহত হলে পুলিশ চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

“ হাসপাতালে দুইজনের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। অপর আসামি ইব্রাহীম পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। “

ওসি বলেন, “ বুধবার রাতে এক পুলিশ কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যের হেফাজতে থাকা অবস্থায় ইব্রাহীম হঠাৎ হাসপাতালের ওয়ার্ড থেকে হ্যান্ডকাফসহ উধাও হয়ে যায়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে খোঁজ নিয়ে তার সন্ধান মিলেনি। “

ঘটনার পর থেকে পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান, আতিকুর রহমান মজুমদার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন