ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার আন্ডারপাস ব্রিজের দুই পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্ছেদ করা জায়গাগুলোতে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধন গাছ রোপণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোনকা বাজার আন্ডারপাস ব্রিজের দুই পাশে মোট চারটি স্থানে শোভাবর্ধন গাছ রোপণের কাজ চলছে। এর আগে ওইসব স্থানে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, আন্ডারপাসের দুই পাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দোকান বসায় চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছিল। দোকানপাট উচ্ছেদ করে সেখানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মনে করছেন, এতে ছোনকা বাজার এলাকার সৌন্দর্য বাড়ার পাশাপাশি পরিবেশও সুন্দর হবে।
তবে দোকানপাট উচ্ছেদে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিভিন্ন কাঁচামালের দোকানদার, চা বিক্রেতা ও রুটির দোকানদাররা জানান, মহাসড়কের জায়গা অধিগ্রহণের কারণে বাজারের জায়গা আগের তুলনায় অনেক সংকুচিত হয়েছে। এর মধ্যে দোকানপাট সরিয়ে দেওয়ায় তাদের জীবিকা নির্বাহের পথও বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আন্ডারপাসের দুই পাশে অবৈধভাবে কোনো দোকান বসতে দেওয়া হবে না। তবে দোকানদাররা স্বেচ্ছায় তাদের অবৈধ দোকানপাট সরিয়ে নিয়েছেন।
ছোনকা বণিক সমিতির সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা বলেন, এলাকার সৌন্দর্যবর্ধনের জন্য সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগকে আমরা প্রশংসা করি। তবে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, তাদের ব্যবসা পরিচালনার জন্য বিকল্প ব্যবস্থা করতে মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ সাহেবের কাছে সুপারিশ করব।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, অবৈধ দোকানদারদের পুনর্বাসনের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সৌন্দর্যবর্ধনের পাশাপাশি উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হলে একদিকে যেমন এলাকার সৌন্দর্য বজায় থাকবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও তাদের জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।



