টেকনাফ থেকে অপহৃত কিশোর উখিয়ায় উদ্ধার, গ্রেপ্তার ১
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
কক্সবাজারের টেকনাফ থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত কিশোর মো. জসিমকে উখিয়া থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)। এ ঘটনায় জামাল হোসেন (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জামাল হোসেন টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে।
এসআরবি-১৫ ব্যাটালিয়নের গণমাধ্যম শাখার সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকা থেকে জসিম নিখোঁজ হয়। ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি নম্বর থেকে তার পিতা সৈয়দ আহম্মদের ইমোতে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে জসিমকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথায় অভিযান চালায় এসআরবি-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যংয়ের একটি দল। অভিযানে জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার এবং অপহরণের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার হওয়া কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”



