কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ডেপুটি স্পিকার, দিলেন উন্নয়নের আশ্বাস
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
নেত্রকোনার কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে যান ডেপুটি স্পিকার। পরে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা, উপস্থিতি ও পাঠদানের বিষয়ে খোঁজখবর নেন।
ডেপুটি স্পিকারকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাঁর কাছ থেকে অটোগ্রাফ নেয়। পরে শিক্ষার্থীরা তাঁর সামনে দেশাত্মবোধক গান পরিবেশন করে।
পরিদর্শনকালে ব্যারিস্টার কায়সার কামাল বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শ্রেণিকক্ষের পরিবেশ সম্পর্কে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়েও খোঁজ নেন।
এ সময় তিনি নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা চালুর ব্যবস্থা করার ঘোষণা দেন। পাশাপাশি বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় আকারের সোলার প্যানেল দেওয়ার কথাও জানান।
ডেপুটি স্পিকারের এ ঘোষণায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা যায়। তারা করতালি দিয়ে এ উদ্যোগকে স্বাগত জানান।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং মনোযোগ দিয়ে পড়াশোনার ওপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। একই সঙ্গে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর, প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ বিদ্যালয়ের শিক্ষকরা।



