Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ আটক ৩

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ আটক ৩

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

আটকরা হল- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে মোহাম্মদ মুসলিম এবং উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রুবালির ছেলে মো. উসমান বেলাল ও একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইউনুসের ছেলে মো. আনসার আলী।

লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, রোববার সকাল ১০ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার অতিক্রম করে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক ডাকাতদলের কাছে পাচারের খবর পায় বিজিবি। পরে খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সকাল ১০ টার দিকে ৩ জন যাত্রীসহ বস্তাবোঝাই সন্দেহজনক একটি ইজিবাইক লেদা বাজার পার হয়ে রোহিঙ্গা ক্যাম্পের দিকে যেতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে গাড়ীটি থামলে মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশী চালানো হয়। এসময় গাড়ীতে বহন করা আলুর বস্তার ভিতরে ধাতব বস্তুর উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। পরে গাড়ীতে থাকা ৩ জনকে আটক করা হয়।

বস্তাটি খুলে পাওয়া যায় ২ টি জি-৩ রাইফেল, ২ টি দেশিয় তৈরী বন্দুক, ৪২ টি গুলি, ৩ টি টেজার, ৬ টি ওয়াকিটকি সেট, ১ টি ম্যাগাজিন, ৪ কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫ টি জর্দার কৌটা-২৫টি ও ২৫ টি লাল স্কচটেপ।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন