Logo
Logo
×

সারাদেশ

জীবনের নিরাপত্তা চেয়ে অস্ত্র ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন ব্যবসায়ী সোহাগের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

জীবনের নিরাপত্তা চেয়ে অস্ত্র ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন ব্যবসায়ী সোহাগের

নিজের জীবন, ব্যক্তিগত নিরাপত্তা ও ব্যবসায়িক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে থানায় জমা রাখা বৈধ লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ফেরত পেতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে আবেদন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক এবং মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচাল আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। 

তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর করা আবেদনে ব্যবসায়ী নেতা সোহাগ উল্লেখ করেন, তার নামে একটি বৈধ লাইসেন্সকৃত পিস্তল ও একটি শটগান রয়েছে। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে অস্ত্র দুটি ও সংশ্লিষ্ট গোলাবারুদ ফতুল্লা মডেল থানায় জমা দেওয়া হয়। বর্তমানে ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তার প্রয়োজনে ওই অস্ত্র ও গোলাবারুদ ফেরত পেতে তিনি জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন।

মো. সোহাগ আবেদনে বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের পরবর্তী সময় থেকে একজন ব্যবসায়ী হিসেবে তিনি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার দাবি, ২০২৫ সালের ১ জুন রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে চাষাঢ়া এলাকা থেকে তিনি অপহরণের শিকার হন এবং পরদিন পটুয়াখালী থেকে তাকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা করা হয় বলেও আবেদনে উল্লেখ করেছেন তিনি।

এ ঘটনার পর থেকে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হওয়া এবং নিরাপত্তাহীনতার মধ্যে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার কথা জানিয়ে সোহাগ তার বৈধ লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, অস্ত্র ফেরত পাওয়ার জন্য এর আগেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। ২০২৫ সালের ২৯ মে জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ বরাবর করা একটি আবেদনে তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তার কথা উল্লেখ করে থানায় জমা রাখা তার লাইসেন্সকৃত পিস্তল ও শটগান ফেরত দেওয়ার অনুরোধ জানান।

পরবর্তীতে ২০২৬ সালের ১৪ মার্চ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির কাছেও এ বিষয়ে একটি আবেদন করেন সোহাগ। ওই আবেদনে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অস্ত্র ফেরত পাওয়ার বিষয়ে সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ বরাবর আবারও আবেদন করে তিনি তার নামে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

আবেদনে মোঃ সোহাগ উল্লেখ করেন, বর্তমানে বিভিন্ন ধরনের হুমকি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার ব্যক্তিগত জীবন ও ব্যবসায়িক নিরাপত্তার জন্য বৈধ লাইসেন্সকৃত অস্ত্র ফেরত পাওয়া অত্যন্ত প্রয়োজন।

জেলা প্রশাসনের কাছে প্রত্যাশা

একাধিকবার আবেদন করার পর এবার জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এই ব্যবসায়ী নেতা। তার আবেদন অনুযায়ী, প্রচলিত আইন ও সরকারি বিধিবিধান অনুসরণ করে থানায় জমা থাকা বৈধ লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন