কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পিএম
কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে এক রাতে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতভর জেলার ১৮টি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ছিনতাই, ইভটিজিং, মারামারি ও বিভিন্ন সহিংস ঘটনায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার সব থানায় একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা এবং জেলার বিভিন্ন উপজেলায় বখাটেদের বিচরণস্থলগুলোতে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে সরাসরি অংশ নেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছে। তরুণদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।



