Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে সমন্বিত ডেঙ্গু প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়ন

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

নরসিংদীতে সমন্বিত ডেঙ্গু প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়ন

‘সবার আগে দেশ, সকলের চেষ্টায় ডেঙ্গু করব শেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা, রোগ ব্যবস্থাপনা, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মপরিকল্পনা বিষয়ক সভার আয়োজন করা হয়।

সভায় ডেঙ্গুর বিস্তার রোধে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার ঘটতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার জন্য আহব্ন জানান। একই সঙ্গে ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করার কথাও বলেন বক্তারা।

এছাড়াও জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিস্ট সকলের  সমন্বয়ে জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, সচেতনতামূলক প্রচার এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সকল দপ্তর ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নরসিংদীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তিনি। 

তিনি বলেন, সকলের সহযোগীতায় আগামী এক মাসের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে একটি দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসা সম্ভব। এছাড়াও সবার আন্তরিক সহযোগিতা পেলে নরসিংদীকে সারা দেশের মধ্যে একটা সুন্দর ও রোল মডেল জেলা হিসেবে গড়ে তুলতে পারব।

তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের পরিকল্পনাগুলো মানুষের জানা দরকার, এ ব্যাপারে আপনাদের ভূমিকা অপরিসীম। তাই আপনাদের লিখনীর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান রইল।

কর্মপরিকল্পনা বিষয়ক সভায় নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সজীব শাহরীন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান, নরসিংদী জেলা তথ্য কর্মকর্তা মো. ওবায়দুল কবির মোল্লা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন ভূইয়া, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলামা কবির কামাল, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মো. আলম মোল্লাসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন