Logo
Logo
×

সারাদেশ

প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধি, যাত্রীদের ক্ষোভ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধি, যাত্রীদের ক্ষোভ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাস

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। বাস মালিকপক্ষের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অনুযায়ী বাসের ভাড়া আরো বেশি হওয়ার কথা।

সেখানে তারা শুধু ৫ টাকা ভাড়া বৃদ্ধি করে ৫৫ টাকা থেকে ৬০ টাকা করে নিচ্ছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধি করে ৫৫ টাকা থেকে ৬০ টাকা করে আদায় করছে। সেই সঙ্গে অন্যান্য পরিবহনের ভাড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আলমগীর হোসেন নামে একজন যাত্রী বলেন, ‘প্রতিদিনই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াত করে থাকি। অন্যদিন ৫৫ ভাড়া দিয়ে ঢাকা যাই। আজ মঙ্গলবার সকালে কাউন্টারে এসে দেখি ৬০ টাকা করে ভাড়া নিচ্ছে। কাউন্টারের লোকজন বলছে তেলের দাম বাড়ানোর কারণে নাকি ভাড়া বাড়ানো হয়েছে।

এদিকে বিআরটিএ সূত্র বলছে, ভাড়া কত বাড়বে, সে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে। সেই সঙ্গে বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে অন্যান্য খরচ যুক্ত করা হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে, ততটুকুই ভাড়া বাড়ানো হবে।

বন্ধন পরিবহনের পরিচালক সাখাওয়াত ইসলাম রানা বলেন, ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সে হিসেবে বাসের ভাড়া বাড়ানো স্বাভাবিক। তবে সবসময় চেষ্টা করে থাকি যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য। যতটুকু ভাড়া বাড়ানো প্রয়োজন ঠিক তত টাকায় ভাড়া বাড়ানো হয়ে থাকে। কখনো অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না।’

নারায়ণগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকার বলেন, ‘শুধুমাত্র বন্ধন ও উৎসব পরিবহনে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বাস মালিকপক্ষ এটি করেছে এবং এ বিষয়ে আমাদের কোনো মতামত নেয়নি। এখন কেন্দ্রীয়ভাবে বাসভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিধায় আমাদের সমিতির পক্ষ থেকেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে তেলের দাম ২০ টাকা করে বাড়ানোর ফলে পরিবহন চালানো কষ্টকর হয়ে পড়েছে। গতকাল তার ভর্তুকি দিয়ে পূর্বের ভাড়া রাখলেও সরকার থেকে এখনো কোনো প্রজ্ঞাপন না হওয়ায় বাস মালিকরা বাধ্য হয়ে নিজেদের থেকেই নতুন ভাড়া নির্ধারণ করেছেন। আশা করছি, আগামীকালের মধ্যে নতুন ভাড়া নির্ধারণের প্রজ্ঞাপন জারি হবে। তখন ভাড়া নিয়ে এই জটিলতা আর থাকবে না।’

নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমি সকালে শুনেছি বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি। আমরা বিষয়টি নিয়ে আলাপ করছি। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।’

নারায়ণগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান বলেন, ‘বাস মালিকরা আমাকে বলেছিলেন ভাড়া বৃদ্ধির বিষয়টি। তারা আমাকে বলছিলেন একদিন ক্ষতিপূরণ দিয়ে তারা বাস চালিয়েছে। আমি বলেছিলাম, এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে। প্রজ্ঞাপন জারি করার পর বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।’

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির বলেন, ‘বিষয়টি শুনেছি। তেলের দাম বাড়ানোর কারণে হয়তো বাড়িয়েছে। আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। পরবর্তীতে সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন