Logo
Logo
×

সারাদেশ

‎রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ের ৪ সদস্য সাময়িক বরখাস্ত

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

‎রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ের ৪ সদস্য সাময়িক বরখাস্ত

‎রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় জড়িত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‎রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দফতরাদেশে এ বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

‎সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন-মো. আরিফ হোসেন (স্ট্যাক নং-সি-৭৮৮), মো. রোকন উদ্দীন (স্ট্যাক নং-সি-৮৮৩), মো. শফিকুল ইসলাম (স্ট্যাক নং-সি-১৩২১) এবং মো. শাহানুর হোসেন (স্ট্যাক নং-সি-৬০০)।

‎দপ্তরাদেশে বলা হয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা কামালগাজী/পদর এর নিকট দৈনিক হাজিরা দেবেন।

‎রবিবার রাতে চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। 

‎পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। পরে তারা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। এবং পরে রাজশাহী রেলওয়ে স্টেশন ভবন ঘেরাও করেন।

‎এদিকে, ঘটনার প্রতিবাদে রাকসুর নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না হওয়ায় ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচির অংশ হিসেবে রেলস্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করেন রাকসুর নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। এর পরপরই চার রেলকর্মীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

‎চার রেলকর্মীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রাকসুর ভিপি। তিনি বলেন, এর আগেও আন্দোলনের পর রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তা বাস্তবায়ন করেনি। আজও আন্দোলন থামাতে তড়িঘড়ি করে বরখাস্ত করা হয়েছে কি না, পরে আবার তাদের বহাল করা হবে কি না-এ নিয়ে আমাদের শঙ্কা আছে।

‎শিক্ষার্থীদের নিরাপত্তা, স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতিসহ সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাকসু ও হল সংসদ নেতৃবৃন্দকে স্টেশনে অবস্থানের আহ্বান জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন