Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে রাধারাণীর জন্মাষ্টমী ও গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের ৩৬ বছর পূর্তি উদযাপন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

শেরপুরে রাধারাণীর জন্মাষ্টমী ও গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের ৩৬ বছর পূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে পরমেশ্বরী শ্রী শ্রী রাধারাণীর শুভ জন্মাষ্টমী এবং শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের তিন যুগ (৩৬ বছর) পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর শহরের ঐতিহ্যবাহী কালাচাঁদ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালাচাঁদ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভক্ত ও পুণ্যার্থীরা অংশ নেন। শোভাযাত্রায় ধর্মীয় নানা প্রতীক ও বাদ্যযন্ত্রের মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের সভাপতি রঞ্জিত কৈরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য দেন শেরপুর-ধুনট (বগুড়া-৫) সংসদীয় আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ সিরাজ রব্বানী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন, শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।

এছাড়া অনুষ্ঠানে শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর তাপস মালাকার, কোষাধ্যক্ষ বিপ্লব সাহা লিপটন এবং সাংবাদিক ও সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানায়, রাধারাণীর জন্মাষ্টমী ও গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের তিন যুগ পূর্তি উপলক্ষে কালাচাঁদ মন্দির প্রাঙ্গণে ৬৪ প্রহরব্যাপী, অর্থাৎ আট দিনব্যাপী শ্রী শ্রী নামযজ্ঞ, লীলা কীর্তন ও নর-নারায়ণ সেবার (অন্নপ্রসাদ বিতরণ) আয়োজন করা হয়েছে।

আট দিনব্যাপী এ ধর্মীয় মহাসমারোহে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও ভক্ত শেরপুরে সমবেত হয়েছেন। এতে কালাচাঁদ মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামযজ্ঞ, কীর্তন ও অন্নপ্রসাদ বিতরণসহ বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন ভক্তরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন