কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
কুড়িগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-ধরলা সেতুর ওপর এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) ও একই এলাকার আফছার আলীর ছেলে ফারুক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে তাদের দুইজনের মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



