ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি ছেড়ে পালাল পুলিশ কর্মকর্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ এএম
চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এক উপ-পরিদর্শক (এসআই) ডোপ টেস্টের আওতায় আসার খবর পেয়ে ফাঁড়ি থেকে চলে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে।
পুলিশ বলছে, তাকে খুঁজে বের করে ফাঁড়িতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ওই পুলিশ কর্মকর্তার নাম মামুন উর-রশিদ। তিনি নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে বর্তমানে ১৮ জন পুলিশ সদস্য কর্মরত। তাদের মধ্যে এসআই মামুন উর-রশিদের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়। ডোপ টেস্টের বিষয়টি জানার পর গত ১৫ সেপ্টেম্বর তিনি ফাঁড়ি থেকে চলে যান। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
ফাঁড়ি সূত্রে আরও জানা গেছে, এসআই মামুন উর-রশিদ নিয়মিত মাদক সেবন করতেন- এমন তথ্যও পুলিশের কাছে রয়েছে। তবে তার বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা যাচাইয়ে এখনো কোনো ডোপ টেস্টের ফল পাওয়া যায়নি।
পুলিশের একটি সূত্র জানায়, বিষয়টি জানার পর চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে এসআই মামুন উর-রশিদকে খুঁজে বের করতে তার বাসায় পুলিশ সদস্যদের পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার ও বুধবার দুই দিনই তার বাসায় পুলিশ সদস্যরা গেছেন বলে জানিয়েছে ফাঁড়ি কর্তৃপক্ষ।
পুলিশের একটি সূত্রের ভাষ্য, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাঁদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবেই এসআই মামুন উর-রশিদের ডোপ টেস্টের উদ্যোগ নেয়া হয়েছিল।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দুদিন তার বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও মঙ্গলবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।



