ছয় দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
বিদ্যালয়ের জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ ও বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নাগরিকেরা। এ সময় ইউএনওর বদলির দাবিতেও স্লোগান দেন শিক্ষার্থীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের থানা মোড় থেকে চাঁনপুর মোড় পর্যন্ত মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন। প্রায় এক ঘণ্টা পর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
কর্মসূচিতে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমি দখল, খেলার মাঠের সংকট এবং আশপাশের পরিবেশের বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তাঁরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের প্রয়োজন। পাশাপাশি বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করা জরুরি।
ছয় দফা দাবি:
কর্মসূচি থেকে অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর, নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করা এবং বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের দাবি জানানো হয়।
এ ছাড়া বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা, বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি রয়েছে। সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং মিল-কারখানার দূষণ বন্ধের দাবিও জানানো হয়।
বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ইউএনওর বদলির দাবিতেও স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন কার্যালয়ের সামনে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের বক্তব্য শোনেন এবং দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
ইউএনও বলেন, “সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”
এর আগে গত ১৬ আগস্ট একই দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এক মাসের ব্যবধানে একই দাবিতে আবারও কর্মসূচি পালন করলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নাগরিকেরা।এর আগে গত ১৬ আগস্ট একই দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মসূচির এক মাসের মাথায় বুধবার আবারও একই দাবিতে কর্মসূচি পালন করা হলো।



