Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রহস্যজনক লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রহস্যজনক লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষে দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। এ সময় রহস্যজনক লোডশেডিংয়ের দায়ে পল্লী বিদ্যুৎ সমিতির পিরোজপুরের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাফ হোসেনকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে।  

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে এ ঘটনা ঘটে।

ওই মিলনায়তনে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিটের মাথায় কনফারেন্স স্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কিছুক্ষণ পর ফিরে আসে। পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেবল মিলনায়তনে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। 

বিষয়টি সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বরত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান। 

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, জিএম মো. আলতাফ হোসেনকে সোমবার সংযুক্তিকৃত দপ্তরে যোগদান করার জন্য বলা হলো। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে তার নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএম এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম বলেন, আমি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি অবগত করেছিলাম। তারপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্য জায়গাতে বিদ্যুৎ ছিল। কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে এটা হয়েছে বলে মনে হচ্ছে। পরবর্তীতে শুনেছি জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান বলেন, ইউএনওর অফিসে নাকি বিদ্যুৎ ছিল না, ওখানকার সিএ অভিযোগ দিয়েছে যে তাদের অফিসের বিদ্যুৎ নেই। আমাদের লাইনম্যান যারা ছিল তারা গিয়েও দেখেছে অফিসে বিদ্যুৎ নেই। আমাদের কর্মচারীদের ধারণা ছিল ইউএনও অফিসেই মনে হয় মিটিং হচ্ছে এজন্য লাইন বন্ধ করেছিল। লাইন বন্ধ করলে মিটিং স্থানেও বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, তখনই সেখানকার বিদ্যুৎ অফিসের ইনচার্জকে কল দিয়ে বিষয়টি জানায় এবং এই কথোপকথনের মধ্যে দুই মিনিট বিদ্যুৎ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে এজন্যই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন