নতুন বাংলাদেশে নিপীড়ন-নির্যাতন মেনে নেওয়া হবে না: ইকরাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও হয়রানিমূলক মামলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জেলা শাখা। সমাবেশে নেতারা হামলা-মামলা বন্ধ, নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন বলেন, ‘আমরা এমন একটি আধুনিক বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক সাম্য, শান্তি ও শৃঙ্খলা থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, গণঅভ্যুত্থানের পর সাধারণ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছেন, তারা বিভিন্নভাবে বিরোধী মত ও পথের মানুষের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছেন।’
তিনি বলেন, ‘কিশোরগঞ্জে এনসিপি সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে ইটনা উপজেলা এনসিপির সদস্যসচিব আফজাল হোসেন শান্তর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তার পা ভেঙে গেছে এবং মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন। বাজিতপুরে ছাত্রশক্তির আহ্বায়কের ওপর হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে।’
ইকরাম হোসেন আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়ার বিরুদ্ধেও মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। একইভাবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা এনসিপির আহ্বায়ক নজরুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে রক্ত ও জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পথ তৈরি করেছেন, হামলা-মামলা ও হুমকি দিয়ে তাদের কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। নতুন বাংলাদেশে নিপীড়ন-নির্যাতন মেনে নেওয়া হবে না।’
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান বলেন, ‘সতেরো বছর পরে একটি নির্বাচিত সরকারের শাসনামলে আমরা ভেবেছিলাম, আমাদের বারবার রাজপথে নামতে হবে না। কিন্তু ক্ষমতা পেয়ে আপনারা মজলুম থেকে জালেমে পরিণত হয়েছেন। এই জুলুম আল্লাহ তাআলা বেশি দিন সহ্য করেন না।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর কোনো জালেম বেশি দিন মসনদে টিকে থাকতে পারেনি। হামলা করে, হুমকি দিয়ে আমাদের কোনো নেতাকর্মীকে ঘরে ফেরাতে পারেননি, পারবেনও না।’
ইটনা উপজেলা এনসিপির সদস্যসচিব আফজাল হোসেন শান্তর ওপর হামলার প্রসঙ্গ তুলে আহনাফ সাঈদ খান বলেন, ‘আমাদের আফজাল হোসেন শান্তকে আপনারা দেখতে পাচ্ছেন। তার পা ভেঙে দেওয়া হয়েছে। হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না, হুমকি দিয়েও বন্ধ করা যাবে না।’
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্স, শরিফুল হক জয়, বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মী এবং যুবশক্তি কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান ও সদস্যসচিব যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা-মামলা বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিলসহকারে এনসিপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।



