Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে ৩ কার্টন থেকে ৬ টুকরো মরদেহ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

ফরিদপুরে ৩ কার্টন থেকে ৬ টুকরো মরদেহ উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশ থেকে তিনটি কার্টনে রাখা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোয়ালিয়া এলাকায় সড়কের পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে কার্টনগুলো থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি মধুখালী থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে। পরে কার্টন খুলে এক ব্যক্তির দেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে ছয় টুকরো করা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।

ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন