Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

নরসিংদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে নরসিংদীসহ দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া'র সভাপতিত্বে আয়োজিত উক্ত উদ্বোধনী কর্মসূচিতে নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সিভিল সার্জন মো. বুলবুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি/প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধন শেষে নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া নিজেই জেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি বিভিন্ন স্থান পরিদর্শন করে ময়লা-আবর্জনা অপসারণ, জমে থাকা পানি পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেন।

এসময় নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলসহ বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার, এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস এবং জনগণকে নিজ নিজ বসতবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ কাজে সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি। 

বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে। তাই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ কার্যক্রমকে শুধু তিন মাসের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে একটি চলমান সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে তিনি প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ নাগরিকদের সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন