নির্বাচনী উঠান বৈঠক দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন এর দুই চেয়ারম্যান প্রার্থী আবুল বাসার ও জাহাঙ্গীর আলম মোল্লা। গণসংযোগের ঐতিহ্যবাহী ও কার্যকর এই মাধ্যমকে কেন্দ্র করে তৃণমূলের ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও ভোটারদের নিয়ে আয়োজিত প্রথম উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণার সূচনা করেন এই দুই প্রার্থী। বৈঠকে তারা এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষার প্রসার এবং তরুণের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে মূল ইশতেহার তুলে ধরেন।
উঠান বৈঠকে প্রার্থীগণ তাঁদের বক্তব্যে বলেন, বড় কোনো জনসভা নয়, সাধারণ মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শোনাই আমার মূল লক্ষ্য। তাই উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের মুখোমুখি হয়ে সরাসরি তাদের চাওয়া-পাওয়া ও পরামর্শ গ্রহণ করে প্রচারণা শুরু করলাম। নির্বাচিত হতে পারলে জনগণকে সাথে নিয়েই এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।
বৈঠকে এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপস্থিত ভোটাররা সরাসরি প্রার্থীর কাছে তাদের বিভিন্ন দাবি ও এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন। প্রার্থীও মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে সব সংকট সমাধানের আশ্বাস দেন।
প্রচারণার প্রথম দিনেই এ ধরনের গৃহকেন্দ্রিক বৈঠক ভোটারদের ইতিবাচকভাবে আকর্ষণ করেছে। প্রার্থীর সমর্থকরা জানান, আগামী দিনগুলোতে পুরো নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ড এ নিয়মিত উঠান বৈঠক এবং বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।



