Logo
Logo
×

সারাদেশ

মায়ের কবরের পাশে শায়িত সেনাসদস্য তাসনিম রিফাত

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

মায়ের কবরের পাশে শায়িত সেনাসদস্য তাসনিম রিফাত

চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তাসনিম রিফাতকে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ জোহর জানাজা শেষে তাকে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে সকালে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তার মরদেহ চট্টগ্রাম থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ভিড় করেন আশপাশের মানুষ।

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এবং পরিবারের সদস্য ও হাজারো গ্রামবাসীর অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

তাসনিম রিফাত বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য ছিলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংকের ভেতরে গোলা বিস্ফোরিত হলে তিনি ও আরও এক সেনাসদস্য নিহত হন।

মাত্র ২৮ বছর বয়সে তাসনিম রিফাতের মৃত্যুতে পরিবার ও স্বজনরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। তিন বছর আগে ক্যানসারে মাকে হারানোর পর এবার ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা আসাদুল ইসলাম। স্ত্রী ও আড়াই বছরের কন্যাসন্তান রেখে গেছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন