রংপুরের ভিন্ন জগতে রাবি ৩২ ব্যাচের ১০ বছর পূর্তির মহা মিলনমেলা ২২ জানুয়ারি
কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম
জীবনের হিসাব-নিকাশ আর ব্যস্ততার খাঁচায় বন্দি থাকা দিনগুলোতে হৃদয়ের খুব গভীরে জমা হয়ে থাকে কিছু পুরনো স্মৃতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সবুজ ক্যাম্পাস, প্যারিস রোডের ধুলোবালি, আর টুকিটাকির সেই চায়ের কাপে আড্ডার দিনগুলো হয়তো হারিয়ে গেছে বহুদূরে; কিন্তু মুছে যায়নি বন্ধুদের অনুভূতির টান। সেই ফেলে আসা সোনালী স্মৃতিগুলোকে ফের আঁকড়ে ধরতে আগামী ২২ জানুয়ারি, ২০২৭ শুক্রবার রংপুরের বিনোদন কেন্দ্র 'ভিন্ন জগত'-এ বসছে রাবি ৩২ ব্যাচের (১৯৮৪-৮৫ সেশন) বন্ধুদের এক আবেগময় মহা মিলনমেলা।
'এক দশকের স্মৃতির সোপান'
সময় যেন তার নিজস্ব গতিতে ডানা মেলে উড়ে যায়। ২০১৮ সালের ১২ জানুয়ারি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনায় পরম আবেগে জমেছিল রাবি ৩২ ব্যাচের বন্ধুদের প্রথম মেলবন্ধন। বহু বছর পর প্রিয় বন্ধুদের বুকে জড়িয়ে ধরার সেই অশ্রুসিক্ত আনন্দ আর কোলাহল আজ এক দশকের পথ পেরিয়ে পূর্ণতা পেতে চলেছে। দেখতে দেখতে পার হয়ে গেছে ১০টি বছর। সেই স্মরণীয় যাত্রার এক দশক পূর্তিতেই এবার রংপুরের ভিন্ন জগতে বসছে এই আবেগঘন উৎসব।
'প্রস্তুতির সারথি ১৯ বন্ধুর দল'
এই দীর্ঘ পথচলার মিলনমেলাকে সুসংগঠিত ও স্মরণীয় করে রাখতে রংপুর বিভাগের ব্যাচ বন্ধুদের উদ্যোগে সম্প্রতি ১৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইতিহাসের বন্ধু বীথিকা কুন্ড কান্তিকে আহ্বায়ক এবং ম্যানেজমেন্টের বন্ধু কাইয়ুম রনজুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়ে এই আয়োজনকে সফল করার রূপরেখা আঁকা হয়েছে।
'দেশ ছাড়িয়ে প্রবাসের টান'
জীবন ও জীবিকার প্রয়োজনে ব্যাচ-৩২ এর বন্ধুরা আজ ছড়িয়ে আছেন দেশ-বিদেশের নানা প্রান্তে। মাথার চুলে হয়তো পাক ধরেছে, বয়সের ভারে বদলে গেছে অনেকের চেনা চেহারা, কিন্তু হৃদয়ের সেই ভালোবাসার বন্ধন রয়ে গেছে এক ও অবিকৃত। আয়োজকরা জানান, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শত ব্যস্ততা ঠেলে বন্ধুরা ছুটে আসবেন কেবল একটুখানি ভালোবাসার পরশ নিতে, পুরোনো বন্ধুদের মুখগুলো আবার নয়ন ভরে দেখতে।
আহ্বায়ক বীথিকা কুন্ড কান্তি এবং সদস্য সচিব কাইয়ুম রনজু আবেগঘন কণ্ঠে বলেন, "বিশ্ববিদ্যালয়ের সেই সোনালী দিনগুলোর মায়া আমাদের আজও তাড়া করে ফেরে। আমরা আবার সেই তরুণ বয়সে ফিরে যেতে চাই, একটু হেসে নিতে চাই একসঙ্গে। ২২ জানুয়ারি রংপুরের ভিন্ন জগত শুধুই এক টুকরো জায়গা থাকবে না, তা হয়ে উঠবে দেশ-বিদেশের রাবি ৩২ ব্যাচের বন্ধুদের আনন্দ-অশ্রু আর স্মৃতির মেলবন্ধন।"
ক্যাম্পাসের সেই চিরচেনা হাসি, একসাথেই গাওয়া গান আর হারিয়ে যাওয়া দিনগুলোর ভেজা গল্পে সেদিন আবার মুখরিত হয়ে উঠবে ভিন্ন জগতের প্রান্তর।



